নজর২৪ ডেস্ক- চারদিন ধরে নিখোঁজ বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আবু ত্ব-হা যদি নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকে, তাহলে দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (১৪ জুন) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ত্ব-হা ‘নিখোঁজ’ সংক্রান্ত বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন শেয়ার করা হয়েছে।
এর সঙ্গে দেওয়া বিবৃতিতে সংস্থাটি বলেছে, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন।
অ্যামনেস্টির দাবি, নিখোঁজ আবু ত্ব-হা ও তাঁর সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকায় রওনা হওয়ার পর থেকে আবু ত্ব-হা নিখোঁজ হয়েছেন বলে দাবি করে তাঁর পরিবার। আবু ত্ব-হার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজেরও নিখোঁজ।
তাদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ আবু তোহা মোহাম্মদ আদনানের শ্যালক জাকারিয়া হোসেন জানান, বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন আবু ত্ব-হা ও তার সঙ্গীরা। পরে গাবতলী থেকে তারা নিখোঁজ হন বলে জানতে পেরেছি। সর্বশেষ রাত ২টা ৩৬ মিনিটে যখন আবু ত্ব-হার সঙ্গে যোগাযোগ হয়, তখন তিনি ঢাকার গাবতলীতে ছিলেন।
এরপর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নিখোঁজের পরদিন শুক্রবার আবু ত্ব-হার স্ত্রী দারুসসালাম থানায় লিখিত অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।
