নজর২৪ ডেস্ক- অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত আসামি শিল্পপতি ও ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল মেম্বার নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে অমির গার্লফ্রেন্ড নাজমা আমিন স্নিগ্ধা (২৪) ও নাসিরের সঙ্গী লিপি আক্তার (১৮) ও সুমি আক্তার (১৯) রয়েছেন।
সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারের পর ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, পরীমনির সংবাদ সম্মেলনের পর থেকে নাসির তার তিনজন নারী রক্ষিতা’ নিয়ে এই বাসায় নাসির পালিয়ে ছিলেন। মাদক রাখার অভিযোগে সেই তিনজনকেও আমরা গ্রেফতার করেছি।
এদিকে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। ওই তিন নারী যদি রাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে।“
মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এই গোয়েন্দা কর্মকর্তা জানান, উত্তরার যে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি স্নিগ্ধা নামের নারীর।
“এই বাসায় নাসির ও অমি ‘আমোদ-ফুর্তি’ করতে আসতেন,” বলে দাবি করেন তিনি।
গ্রেপ্তার অভিযানের সময় ওই বাসা থেকে এক হাজার ইয়াবা ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ-বিয়ার উদ্ধার করা হয়।
পরীমনির অভিযোগের পর রোববার রাত থেকে ঘটনাটি আলোচনায় রয়েছে। সোমবার সাভার থানায় নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের নামে মামলা দায়ের করেন এই অভিনেত্রী। এরপর ৫জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এই পাঁচ আসামি রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থাকবে জানিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, মঙ্গলবার শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের আদালতে হাজির করা হবে।
