বিয়ে করায় রেলমন্ত্রীকে অভিনন্দন জানালেন মুজিবুল হক

নজর২৪ ডেস্ক- ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করে ব্যাপক আলোচিত সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক বর্তমান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নতুন বিয়ে করায় তাদের জন্য শুভকামনা জানিয়েছেন।

 

শনিবার (১২ জুন) বিকেলে মুজিবুল হক গণমাধ্যমকে বলেন, আমি নবদম্পতির মঙ্গল কামনা করি। অন্তর থেকে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি। তারা যেন সুখে ও শান্তিতে বসবাস করতে পারেন। আমি রেলমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানাব।

 

প্রসঙ্গত, এর আগে রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেছিলেন। ৫ লাখ ১ টাকা দেনমোহরে হনুফা আক্তার রিক্তাকে জীবনের প্রথম বিয়ে করেন মুজিবুল হক। চিরকুমার এই রাজনীতিকের ওই বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

 

মহা ধুমধাম করে আয়োজিত বিয়েতে ১৫০০ লোক খাওয়ানো হয়। এখন তারা সুখেই আছেন। সংসারে এসেছে তিনি সন্তান। ওই সময় রেলমন্ত্রীর বিয়ে দেশব্যাপী আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। খোদ প্রধানমন্ত্রীও রেলমন্ত্রীর বিবাহিত জীবন নিয়ে মজার কথা বলেছিলেন এবং শুভকামনাও জানিয়েছিলেন।

 

এদিকে মাত্র ২০ দিনের পরিচয়ে শনিবার (৫ জুন) দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে শাম্মী আকতার মনিকে (৪২) বিয়ে করেন বর্তমান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। স্ত্রী শাম্মী বিরামপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে।

 

জানা যায়, ৫ জুন (শনিবার) ঢাকার উত্তরায় মন্ত্রী নূরুল ইসলামের সঙ্গে শাম্মী আক্তারের আকদ হয়। শাম্মী আক্তার পেশায় একজন আইনজীবী। পাশাপাশি ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। কনে শাম্মী আক্তারের বয়স ৪২ বছর আর বর নূরুল ইসলামের বয়স ৬৫।

 

শাম্মী আক্তারের বড় ভাই জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, তাঁরা দুই ভাই, এক বোন। শাম্মী সবার ছোট। এর আগে কুষ্টিয়ায় বোনের বিয়ে হয়েছিল। সেখানকার একটি কন্যাসন্তানও আছে তাঁর। শাম্মী আক্তার বর্তমানে ঢাকার উত্তরায় থাকেন। আইন বিষয়ে পড়াশোনা করেছেন। হাইকোর্টে এক জ্যেষ্ঠ আইনজীবীর জুনিয়র হিসেবে আইন প্র্যাকটিস করছেন। পাশাপাশি ঢাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

 

বিয়ের বিষয়ে জাহিদুল বলেন, বেশ কিছুদিন আগে আইন বিষয়ে পরামর্শ নিতে রেলমন্ত্রীর কাছে যান। সেখান থেকেই পরিচয়। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে পারিবারিকভাবে ৫ জুন বিয়ে সম্পন্ন হয়। করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা হয়নি, সম্পূর্ণ ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে তাঁরা দুই ভাই উপস্থিত ছিলেন।

 

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক। মন্ত্রী হওয়ার পর তিনি বিয়ে করেন। সেটি মুজিবুল হকের প্রথম বিয়ে।

 

নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী গ্রামে জন্মগ্রহণ করেন। আইনপেশায় জড়িত রেলমন্ত্রী ব্যক্তিজীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক। তিনজনেরই বিয়ে দিয়েছেন। গত ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে তাঁর স্ত্রী নিলুফার জাহান মৃত্যুবরণ করেন।

 

তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পরে তিনি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *