শেরপুরে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার-২

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের মো. সজীব (২১) ও বিল্লাল হোসেন (৪৫)। এ ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেছেন।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শেরপুর শহরে পারিবারিক কাজ শেষে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী গৃহবধূ তার এক ভাইয়ের সঙ্গে অটোরিকশাযোগে সদর উপজেলার গ্রামের বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামে চার ব্যক্তি তাদের বহনকারী অটোরিকশার পথরোধ করেন। এক পর্যায়ে ওই গৃহবধূর ভাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সড়কের পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে তারা জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।

 

এ সময় গৃহবধূ ও তার ভাইয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং সজীব ও বিল্লালকে আটক করেন। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করেন।

 

শেরপুর সদর থানার ওসি মুনসুর আহাম্মদ বলেন, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সজীব ও বিল্লাল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া ও জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *