অবশেষে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী চিহ্নিত

নজর২৪, ঢাকা- পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া সেই ছিনতাইকারীকে ৫ দিন পর চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

ছিনতাইকারীকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে চিহ্নিত করা গেলেও তাকে আটক বা মোবাইলটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

শুক্রবার (০৪ জুন) সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন।

 

তিনি বলেন, ওই ছিনতাইকারীর নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। সে রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাকে ধরতে অভিযান চলছে।

 

পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান, কাফরুল এলাকার ১০-১২ জনের মতো চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ ছাড়া চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরেবাংলা নগর মাঠসংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশ এলাকার স্থানীয় এবং সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেও মুঠোফোনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ে সিসিটিভি ক্যামেরা ছিল না। পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ জব্দ করে বিশ্লেষণ করেছে। কিন্তু কিছুই পায়নি। বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ের কাছে ও নভোথিয়েটারের সামনে সার্বক্ষণিক পুলিশ থাকে। এর মধ্যেও এমন ঘটনা ঘটল। প্রকৃতপক্ষে এটি ছিনতাইয়ের ঘটনা নয়। কোনো হেরোইনসেবী সুযোগ বুঝে ছোঁ মেরে মুঠোফোনটি নিয়ে চলে যায়।

 

এদিকে, মন্ত্রী নতুন করে সিমকার্ড তুলে চালু করায় ওই নম্বর দিয়ে ট্র্যাক করতে গেলে ফোনটির অবস্থান বারবারই তার (মন্ত্রী) কাছেই দেখাচ্ছে। আর ছিনতাই হওয়া মুঠোফোনের সেটটি বন্ধ থাকায় ছিনতাইকারীর অবস্থান নিশ্চিত হতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী তার ফোন ছিনতাইয়ের ঘটনা জানান।

 

তিনি বলেন, সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

 

আগের সংবাদ পড়ুন-

‘আমার গাড়িতে পতাকা ছিল, তারপরও ছিনতাইকারি মোবাইলটা নিয়ে গেল’

 

নজর২৪ ডেস্ক- রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। গাড়িতে বসা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।

 

মঙ্গলবার (১ জুন) পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং শেষে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, আমার ছেলে আমেরিকা থেকে ১ হাজার ডলার দিয়ে ফোনটি কিনে পাঠিয়েছে। আমার গাড়িতে পতাকাও ছিলো। তারপরও ছিনতাইকারি মোবাইল ফোনটা নিয়ে গেলো।

 

গত ৩০শে মে সন্ধ্যায় মোবাইল ফোনটি ছিনতাই হবার পর কাফরুল থানায় একটি জিডি করা হয়েছে।

 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বলেছেন, পরিকল্পনামন্ত্রীর অফিস থেকে এ সংক্রান্ত একটি জিডি দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিবিসি বাংলাকে বলেন, ৩০শে মে সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে ৬:৪৫ মিনিটে বিজয় সরণী এলাকা অতিক্রম করছিলেন এক পর্যায়ে গাড়িটি সিগন্যালে অপেক্ষা করছিল।

 

এ সময় গাড়ির এসি বন্ধ করে দিয়ে কাঁচ নামিয়ে দেন মন্ত্রী।

 

মান্নান বলেন, “গাড়িটা দাঁড়িয়ে ছিল। আমি পেছনের সিটে বসা ছিলাম, আমার হাতে মোবাইল ছিল। আমি মোবাইলে কিছু একটা করছিলাম। হয়তো নিউজ পড়ছিলাম।”

 

“হঠাৎ করে এক ঝলকে অবিশ্বাস্য রকম গতিতে ঝড়ের মতো এসে হাত থেকে মোবাইল ফোন নিয়ে চলে গেল। আমি দেখিনি লোকটাকে।”

 

“আমাদের লোক গাড়ি থেকে নামলো। কিন্তু ঐ ৩০-৪০ সেকেন্ডের মধ্যে লোকটা কোথায় মিশে গেল। “

 

এই ঘটনা বেশ অবিশ্বাস্য ঠেকেছে মন্ত্রীর কাছে। তিনি এই ঘটনা এখনো বিশ্বাস করতে পারছেন না। “মনে হলো কী যেন হয়ে গেল,” বলেন মান্নান।

 

মোবাইল ফোনটি উদ্ধার করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *