না পড়েই বলতে পারি বাজেট গণবান্ধব নয়: মির্জা আব্বাস

নজর২৪, ঢাকা- গত ১২ বছরের মতো এবারের বাজেটও জনবান্ধব না হয়ে আওয়ামীবান্ধব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনও বাজেটটা পড়িনি। তবে এটা বলতে পারি, গত ১২ বছরের বাজেটগুলো ছিল আওয়ামীবান্ধব। এ বাজেট জনবান্ধব হবে না এটা নিশ্চিত থাকেন। লুটবান্ধব হবে, টাকা পাচারের বাজেট হবে।

 

শুক্রবার (৪ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় দল এ আলোচনা সভার আয়োজন করে।

 

নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম তুলে ধরার আহবান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘শহীদ জিয়া একটি ইনস্টিটিউট, তার ব্যক্তি জীবন, সৈনিক জীবন এবং পরবর্তীতে রাজনৈতিক জীবন থেকে দেশের সাধারণ নাগরিকের এবং আমাদের মতো রাজনীতিবিদসহ সবার শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে।

 

বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে দেশ চলছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, বিদেশিদের খুশি করতেই আওয়ামী লীগ তাদের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে।

 

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও স্বাধীনতা ছিনতাই করেছে। দেশে পুলিশি শাসন চলছে। মানুষের ভোটের অধিকার নেই। সব মিলিয়ে আমাদের ওপর একটি দুঃশাসন চেপে বসেছে।

 

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, রাজিব আহসান, হাবিবুর রশীদ হাবিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *