নজর২৪, নাটোর- নাটোরের বনপাড়া বাজারে পাবনা বাসস্ট্যান্ডের পাশে একটি টাকার বস্তা পাওয়া গেছে। রোববার (৩০ মে) সন্ধ্যায় বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা পরিষ্কার করতে গেলে বস্তাটি পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা বাসস্ট্যান্ড-সংলগ্ন রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী কিছুদিন ধরে অবস্থান করছিলেন। তিন দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা পরিষ্কার করতে গিয়ে ওই নারীর রেখে যাওয়া বস্তা খুলে টাকা দেখতে পান।
বিষয়টি জানার পর পৌর মেয়রের নির্দেশে বস্তা খুলে দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা, ৫০ টকাসহ সেখানে মোট ১৬ হাজার ৪২০ টাকা পাওয়া যায়।
পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, এক পাগলী পৌরসভা এলাকায় থাকতো। চলতো ভিক্ষা করে। মানবিক কারণে কিছু বলিনি আমরা। ধারণা করছি টাকাগুলো ওই পাগলীর। উপস্থিত লোকজনের সামনে গণনা করে টাকাগুলো পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে।
ওই পাগলীকে পাওয়া গেলে এ টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।
