নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হলেও স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বলেন, ‘ভোর থেকে হঠাৎ ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে সিসিইউতে ট্রান্সফার করা হয়। এখন উনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।’
তিনি বলেন, ‘আপনারা জানেন এভারকেয়ারে বেগম খালেদা জিয়া পরীক্ষা নিরীক্ষার জন্য ছিলেন। শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিক ওনাকে নজরদারিতে রেখেছেন। আজ হঠাৎ শ্বাসকষ্ট হওয়ার কারণে ওনাকে সিসিইউতে পাঠানো হয়। সেখানেই উনি চিকিৎসাধীন আছেন। দেশ ও বিদেশের চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
এই মুহূর্তে খালেদা জিয়ার অবস্থা কেমন, এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘আমি মিনিট দুয়েক আগে তার সঙ্গে কথা বলে এসেছি। যেকোনো সময় এমন পরিস্থিতিতে মানুষের শ্বাসকষ্ট হতে পারে। কেন এমন হলো তা পরীক্ষা করে জানা যাবে। এখন আর কিছু বলতে পারছি না।’
এর আগে রোববার রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে। আগে যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তা নিয়ে মেডিকেল বোর্ড পর্যালোচনা করে। পরে তারা নতুন কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।
গত ১০ই এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর দ্বিতীয় বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট হলেও ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭শে এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
