সিরাজগঞ্জে ৫ ট্রাক-কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মহিষলুটি বাজার এবং ৯নং ব্রিজ এলাকায় পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী পৃথক সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

 

তাড়াশের ৯নং ব্রিজ ও মহিষলুটি বাজার এলাকায় সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় মহিষলুটিতে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। সংবাদপত্রের একটি গাড়িতে থাকা নিহত আরেকজনের নাম শাহিন হাসান। তিনি জেলার উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের সলিমুদ্দিনের ছেলে ও একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ ছিলেন। আরেকজন একই উপজেলার চড়িয়া শিকার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম হোসেন। অন্য আরেকজন ট্রাকচালকের সহযোগী বলে জানা গেলেও তার নাম-পরিচয় জানা যায়নি।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী নিউজবাংলাকে বলেন, সকালে ৯ নম্বর ব্রিজ এলাকায় একটি ট্রাক ও জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ঢাকায় নেয়ার পথে সাদ্দামের মৃত্যু হয়।

 

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি থেকে হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, ‘ভোর সোয়া ৫টার দিকে হাটিকুমরুল থেকে রাজশাহীগামী সংবাদপত্র পরিবহনের একটি গাড়ি এখানে পত্রিকা নামায়। গাড়িটি রওনা দিতেই পেছন থেকে একটি পাথর ও খোয়াবোঝাই ট্রাক ধাক্কা দেয় গাড়িটিকে। গাড়িটি তখন সামনে থাকা ডাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে শাহীন নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এবং আরেক ব্যক্তি গুরুতর আহত হন।

 

‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহীনের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *