নিজের নামে ২০১টি ভুয়া ফেসবুক আইডি নিয়ে দুশ্চিন্তায় কাদের

নজর২৪, ঢাকা- সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন কিছু অসাধুচক্র। সেই চক্রের মধ্যে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তার নিজের নামে ২০১টি ভুয়া ফেসবুক আইডি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওবায়দুল কাদের। শনিবার (১ মে) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ভুয়া আইডির বিষয় তুলে ধরেন তিনি।

 

এ সময় ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি আমার নামে ফেসবুকে ২০১টি ভুয়া আইডি দেখা যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনসিদ্ধ নয়।

 

আমার ফেসবুক আইডি ভেরিফায়েড। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি কিংবা কোনো কমেন্টের বিষয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

এর আগে গত ২৪ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ফেক আইডি খোলা হয়েছে।

 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ফেক আইডি থেকে অনেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।

 

সেখানে আরও বলা হয়, প্রকৃতপক্ষে তিনি যে ফেসবুক আইডি ব্যবহার করছেন সেটি ভেরিফায়েড ফেসবুক আইডি। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ফেক আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা অন্য কোনো কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে অনুরোধ জানানো যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *