নজর২৪ ডেস্ক- বারবার নিজেদের অরাজনৈতিক দাবি করা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সিংহভাগ সদস্যই ছিলেন বিএনপি-জামায়াত জোটের শরিক দলের নেতা। তারা হেফাজতকে ব্যবহার করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করার অভিযোগের মধ্যে এই কমিটি ভেঙে দেয়ার পর এবার রাজনীতি থেকে দূরে থাকা কওমি আলেমদের নিয়ে কমিটি গঠনে মনযোগী হয়েছে সংগঠনটি।
গত মার্চ ও এপ্রিলের শুরুতে দেশের নানা স্থানে তাণ্ডবের পর ১১ এপ্রিল থেকে সরকার গ্রেপ্তার অভিযান শুরু করলে একাধিকবার হেফাজতের পক্ষ থেকে বলা হয়, তারা রাজনৈতিক সংগঠন না। ক্ষমতায় কে থাকল না থাকল, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।
হেফাজত আমিরের বারবার বক্তব্যের পাশাপাশি গত ১৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেও এই বিষয়টি তুলে ধরা হয়।
তবে সরকার অভিযোগ করে আসছে, হেফাজতের যেসব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজনৈতিক অভিলাষ ছিল। বিশেষ করে, যুগ্ম মহাসচিব মামুনুল হক রাষ্ট্রক্ষমতা দখলের চক্রান্ত করেছিলেন উগ্রবাদ ছড়িয়ে।
সমঝোতার চেষ্টায় মরিয়া হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী এর মধ্যে রোববার রাতে ১৫১ সদস্যের সেই কমিটি ভেঙে দেন। সাড়ে তিন ঘণ্টার মধ্যেই অবশ্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তবে এই আহ্বায়ক কমিটির সবাই বিলুপ্ত কমিটির নেতা হলেও একটি বিষয় লক্ষ্যণীয় যে এদের কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন। এই কমিটি হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি করার উদ্যোগ নেবে।
হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের ওপর উপর থেকে চাপ আছে যে রাজনীতির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কাউকে হেফাজতের কমিটিতে না রাখার জন্য। পরবর্তীতে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কমিটি করব।’
বিলুপ্ত ও আহ্বায়ক কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর কাছ থেকে অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফোন করলে তিনি লাইন কেটে দেন।
তবে তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘অরাজনৈতিক ব্যক্তি যারা আছেন, তাদের বা মুরুব্বী ও বয়স্ক নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে। যদি এটার কোনো সম্প্রসারণ হয়, তাহলে একই ক্যাটাগরির লোক দিয়ে তা করা হবে।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের দাওয়াহ সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কাসেমীও কোনো কিছু বলতে রাজি হননি।
