মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: করোনাকালিন সময়ে টাঙ্গাইলের মির্জাপুরের এক কৃষকের পাশে দাড়ালো উপজেলা ছাত্রলীগ। শ্রমিক সংকটে থাকা উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনছুর গ্রামের কৃষক শফিকুল ইসলামের ২৮ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
জানা গেছে, ভাতগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. মোবারক হোসেন, সহ-সভাপতি শাহরিয়ার নাহিদ, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ওয়াকিল আহমেদসহ অর্ধ-শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়।
দরিদ্র কৃষক শফিকুল ইসলাম জানান, করোনাকালিন সময়ে মজুরের দাম বেশি হওয়া শ্রমিক এনে ধান কাটা আমার পক্ষে সম্ভব ছিল না। উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্যোগী হয়ে জমির ধান কেটে দেওয়ায় উপকৃত হয়েছি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন জানান, করোনার এই মহামারীতে শ্রমিক সংকটের কারণে উপজেলার কৃষকরা ধান কাটতে অসুবিধায় পড়েছেন। আমাদের নেতাকর্মীরা আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলার দুল্যা মুনছুর গ্রামের দরিদ্র কৃষকের ধান কাটতে সহযোগিতা করেছে। আগামীদিনে কৃষকদের সহযোগিতা করার জন্য উপজেলা ছাত্রলীগ কর্মীদের এ কাজ অব্যাহত থাকবে।
