খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিটি স্ক্যান ও ইকো করার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি করা হয়।

 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এফ এম সিদ্দিকী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা অ্যাডমিশন দিয়ে রেখেছে এই কারণে যে আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। সে টেস্টগুলো আমরা কালকে (আজ) করব এবং সে টেস্ট রিপোর্ট রিভিউ করে আমরা আবার উনাকে বাসায় ফিরিয়ে নিয়ে যাব।’

 

তিনি আরও বলেন, ‘আসলে আমরা টেস্ট রিপোর্টগুলো দেখে তারপর ব্যবস্থা নিব। উনার ফুসফুস খুব সুন্দর পরিষ্কার আছে।

 

হাসপাতাল সূত্র জানায়, রাত ১২টা পর্যন্ত সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, ইকো-ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। নানা পরীক্ষার সুবিধার্থে রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে সাত তলায় ৭২০৩ রুমে চিকিৎসাধীন রয়েছেন।

 

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টা ৩৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পরে রাত ১০টা ১০ মিনিটের দিকে তিনি হাসপাতালে এসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহকর্মী ফাতেমা।

 

এছাড়াও হাসপাতালে আসেন- তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন, ডা. আল মামুন ও ডা. এফ এম সিদ্দিকী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *