Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারে বাসায় ঢুকে যুবককে গুলির পর কুপিয়ে হত্যা

কক্সবাজারে বাসায় ঢুকে যুবককে গুলির পর কুপিয়ে হত্যা

0
55

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলায় বসত বাড়িতে ঢুকে গুলি করার পর এলোপাতাড়ি কুপিয়ে নেজাম উদ্দিন (৩৬) নামের এক যুবককে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

 

শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এঘটনা ঘটে। নিহত নেজাম ওই এলাকার মৃত শব্বির আহমদের ছেলে।

 

নেজাম উদ্দিনের স্ত্রী শামিনা বেগম জানান, শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে পূর্বশত্রুতার জের ধরে বারবাকিয়া ইউনিয়নের ইউপি সদস্য, বহু মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে বনের রাজা জাহাঙ্গীর, শফি আলম, জসিম, বেলালের নেতৃত্বে ১০/১২ জনের একদল লোক ঘরে ঢুকে তার স্বামীকে কুপিয়ে ও এলোপাতাড়ি গুলি করে গুরুতর জখম করে।

 

সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকাবাসীর সহায়তায় নেজাম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

 

এলাকাবাসী জানায়, ওই এলাকার ইউপি সদস্য ডাকাতি, খুনসহ বহু মামলার আসামি জাহাঙ্গীর আলমের সঙ্গে একই এলাকার অটোরিকশাচালক রহিম দাতের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। নেজাম উদ্দিন রহিম দাতের ভাগনি জামাতা।

 

কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিন বিরোধের ঘটনায় রহিম দাতের পক্ষে থাকতেন বলেই ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আলম প্রতিশোধ নিতে ঘটনাটি ঘটায়।

 

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here