নজর২৪, ঢাকা- তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘হেফাজত নেতারা যে নষ্ট এবং ভণ্ড, সেটি আজ প্রমাণিত। কারণ মামুনুলের অনৈতিক, অনৈসলামিক কাণ্ডকে তারা যেভাবে তড়িঘড়ি করে বসে ইসলামের আলোকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে, নাউজুবিল্লাহ, সেটিই তার প্রমাণ।’
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে ওয়েবিনা বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, হেফাজতে ইসলাম সারাদেশে তাণ্ডব চালিয়েছে, নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে, ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে, ফায়ার-রেল-পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে, মহাসড়কের ওপর দেয়াল তুলে দিয়েছে। এগুলো করে আবার তা অস্বীকার করেছে।
মন্ত্রী বলেন, সূর্য পূর্বদিকে ওঠে তা যেমন সত্য, হেফাজত যে এসব করেছে, সেই দিবালোকের মতো সত্যকেও তারা অস্বীকার করেছে। সুতরাং এই মিথ্যাবাদী, নষ্ট ও ভণ্ড নেতৃত্বের পক্ষ নিয়ে যারা বিবৃতি দেয়, তারাও সেই পর্যায়েই পড়ে।
সাংবাদিকেরা এ সময় করোনাকালে আওয়ামী লীগের মানুষের পাশে থাকার বিষয়ে প্রশ্ন করলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এক বছর ধরে করোনাকালে আওয়ামী লীগ মানুষের পাশে আছে এবং থাকবে। দলের পক্ষ থেকে প্রথম দফায় ১ কোটি ২৫ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং কোটি কোটি টাকা বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রায় ১১০ এমপি করোনায় আক্রান্ত, ৫ জন মৃত্যুবরণ করেছেন, কয়েকজন উপদেষ্টাসহ ৩ জন সভাপতিমণ্ডলীর সদস্য মৃত্যুবরণ করেছেন।’
হাছান মাহমুদ বলেন, এই আক্রান্তের কারণ আওয়ামী লীগ নেতারা করোনাকালে জনগণের পাশে দাঁড়িয়েছেন। অপর দিকে যাঁরা বিভিন্ন সংগঠনের ব্যানারে নীতিকথা বলেন, তাঁদের তো দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষের জন্য কিছু করবেন, এমন কথা বলে বিদেশিদের কাছ থেকে অর্থ আনা, কজন দরিদ্রকে ডেকে ত্রাণ দেওয়ার ছবি বিদেশে পাঠানোই তাঁদের কাজ।
