বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে বিএনপির চিঠি

নজর২৪, ঢাকা- দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর গুম নিয়ে দেয়া দেয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসের কাছে চিঠি দিয়েছে বিব্রত বিএনপি।

 

দলের স্থায়ী কমিটির সদস্য গত ১৭ এপ্রিল যে বক্তব্য রেখেছেন, পরদিন সংবাদ সম্মেলনে এসে তার উল্টো কথা বললেও তাতে সন্তুষ্ট নন বিএনপির শীর্ষ নেতৃত্ব। এ কারণেই চিঠিটি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের দপ্তরের দায়িত্বে থাকা এক নেতা।

 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিটি মির্জা আব্বাসের কাছে পৌঁছানো হয়েছে।

 

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেন। তবে দলীয়ভাবে ‘অতি-গোপনীয় ও সেনসেটিভ হওয়ার’ কারণে কোনও নেতাই এ নিয়ে উদ্ধৃত হতে রাজি হননি।

 

এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘আপনি তো জেনেই ফেলেছেন, তাহলে আমার কাছে জানতে চাইছেন কেন। কী জন্য চিঠি দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলব না, আপনি খুঁজে বের করুন। আমি কোনো মন্তব্য করব না।’

 

গত ১৭ এপ্রিল দুপুরে সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী-ঢাকার উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলী গুমের পেছনে আমাদের দলের যে বদমাশগুলো রয়েছে তাদেরকেও চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন।

 

ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই বিষধর সাপগুলো এখনও আমাদের দলে রয়ে গেছে। যদি এদেরকে দল থেকে বিতাড়িত করতে না পারি, সামনে যাওয়া যাবে না।’

 

অবশ্য পরেরদিন রোববার (১৮ এপ্রিল) দুপুরে সুর পাল্টিয়ে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘কাটপিস করে ইচ্ছেমতো আমার বক্তব্যকে ব্যবহার করা হয়েছে। কী কারণে করা হয়েছে আমি জানি না। এমন কোনো কথা বলিনি, যার জন্য আমাকে বিব্রত হতে হবে। সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করেনি- এমন কথা আমি বলিনি। আমার কথা বিকৃত করে লেখা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *