যশোর জেলা পরিষদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

যশোর প্রতিনিধি: যশোরের টাউন হল মাঠ সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন ধরনের কাপড় ব্যবসায়ীরা। আগুন লাগার প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

 

ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তারিক হাসান বিপুল সমিতির সভাপতি শহিদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, মার্কেটের পুর্ব পাশের কালু মিয়া, শাহিন, পলাশ, মকবুল, গফুর, বাবু, আমির, হোসেনেরসহ ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

 

তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন। কিন্তু আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

 

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামালউদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমাদের চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত প্রায় একটার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।’

 

তিনি বলেন, মার্কেটের পেছনে জেলা পরিষদের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনও কারণে আগুন লাগতে পারে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

যশোর কোতয়ালী খানার ওসি তাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *