নান্দাইলে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৬ মাসের জেল ও জরিমানা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল হয়েছে মো. বাদল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই ব্যবসায়ীকে। জব্দ করা হয়েছে ৪ টনের বেশি নিষিদ্ধ পলিথিন। বুধবার (২১ এপ্রিল) বিকেলে পৌর শহরের নান্দাইল মধ্য বাজারে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর এএসপি বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম সিভিল বেশে প্রথমে ওই দোকানটি শনাক্ত করে। পলিথিনের সন্ধান পেলে পোশাকধারী র‌্যাব সদস্যরা দোকান ঘিরে ফেলে।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিনের নেতৃত্বে তল্লাশি করে ৪ টনের বেশি পলিথিন জব্দ করা হয়। এবং গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।

 

সে সময় পলিথিন ব্যবসায়ী বাদল মিয়াকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

র‌্যাবের এ এসপি বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ওই গোডাউন থেকে ৪ টনের বেশি নিষিদ্ধ পলিথিন পাওয়া গেছে। যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা। এছাড়া আইসক্রিম তৈরির কৃত্রিম নারিকেল ও মিষ্টিতে ব্যবহৃত হয় এমন কেমিক্যাল পাওয়া গেছে।

 

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন জানান, র‌্যাব পরিচালিত অভিযানে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড বৃদ্ধি পাবে। তিনি আরও জানান এর আগে একই ধরনের অপরাধের জন্য তাকে বিভিন্ন সাজা দেওয়া হয়েছিল।
Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *