খালেদা জিয়ার জন্য দোয়া করায় মসজিদের ইমাম বরখাস্ত

নজর২৪, ফেনী- করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সোনামিয়া মেস্তরি বাড়ির দরজা জামে মসজিদের ইমাম মেহরাজুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, ১২ এপ্রিল বাদ আসর করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেন ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ। স্থানীয় সোনামিয়া জামে মসজিদে আয়োজিত এ দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম মেরাজুল ইসলাম।

 

বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির সভাপতি নুরুল আফসার এ বিষয়ে হুজুরকে কৈফিয়ত তলব করেন এবং স্থানীয়দের সাথে পরামর্শ করে ইমামকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন।

 

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

এ বিষয়ে জানতে চাইলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আফসার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হুজুর আমাকে না জিজ্ঞেস করে বেগম জিয়ার জন্য দোয়া করেছেন। বিষয়টি সবার সাথে পরামর্শ করে এলাকার শৃঙ্খলা রক্ষার স্বার্থে হুজুরকে অব্যাহতি দিয়েছি।

 

ইমাম মেহরাজুল ইসলাম বলেন, পশ্চিম ফাজিলপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি করোনা আক্রান্ত খালেদা জিয়ার জন্য মসজিদে দোয়ার আয়োজন করলে আমি ওই মসজিদের ইমাম হিসেবে দোয়া মোনাজাত পরিচালনা করি। মোনাজাতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া ও দেশের সব করোনা আক্রান্ত মানুয়ের জন্য দোয়া করি। খালেদা জিয়ার নাম নেয়ায় সরকার দলীয় কিছু লোক আমার ওপর ক্ষিপ্ত হয়। এরপর চাকরিচ্যুতির বিষয়টি মৌখিকভাবে শনিবার জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *