সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত ৮ দিনের লকডাউনের প্রথমদিনে নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে।
একান্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে চলছে টহল এবং শহরজুড়ে চেকপোস্ট বসিয়ে লকডাউন বাস্তবায়নে তৎপরতা চলছে।পরিবহন বন্ধ থাকায় কিছু অটো ও রিকশা চলাচল করছে সড়কে।রাস্তায় গাড়ী না পাওয়ায় অনেকে পায়ে হেঁটেই চলেছে তাদের গন্তব্যে।
এদিকে নগরীর বিভিন্ন এলাকায় অর্ধেক খুলে রেখে বেচা-কেনা করছে কিছু দোকানদার।ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে এম্বুলেন্স ও মাইক্রোবাস ভাড়া করে গাদাগাদি করে যাত্রীরা গ্রামে আসছে।সে গাড়ীগুলোকে জরিমানা করে মামলা দেয়া হচ্ছে।
এদিকে সোমবার ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এই আটদিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন তবে সীমিত সময়ের জন্য ব্যাংকগুলো খোলা থাকবে। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা খোলা থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।
এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনা-বেচা করা যাবে ৬ ঘণ্টা।
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি অবনতির কারণে আগের নির্দেশনার ধারাবাহিকতায় আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ১৩টি বিধি-নিষেধ আরোপ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
