নজর২৪, চট্রগ্রাম- হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আহমেদ শফীর মৃত্যুর ঘটনায় হত্যার প্ররোচনা মামলায় আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই।
এতে মোট ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর নাম রয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম তৃতীয় জজ আদালতে এ প্রতিবেদন জমা দেয় পিবিআই।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা শফী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। একই বছরের ডিসেম্বরে আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।
মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।
