খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া কর্মসূচি

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা করেছে বিএনপি।

 

মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা অনুষ্ঠান করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে

 

সোমবার (১২ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, দেশব্যাপী দোয়ার অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোমবার বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

এছাড়াও বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রার্থনা করা হবে।

 

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কুরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ জন্য সোমবার থেকে সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

এই কর্মসূচি পালন করতে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এ ছাড়াও খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কুরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়া করোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দলের পক্ষ থেকে স্বীকার হয়নি। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনা আক্রান্ত বলে জানান। একইসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *