শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা না করলে আইনি পদক্ষেপ: শ্রম প্রতিমন্ত্রী

নজর২৪, ঢাকা- লকডাউনে শিল্প কারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

 

আজ সোমবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবনে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

সরকারের নির্দেশনা না মানলে পোশাক শিল্পমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না, জানতে চাইলে মন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই। তারা এটা মানবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মালিকরা নিজেদের যেমন রক্ষা করার চেষ্টা করবে, একই সঙ্গে তারা শ্রমিকদের রক্ষা করার চেষ্টা করবে।

 

‘যদি না মানে, সেটা অবশ্যই আমি আইনের আওতায় নিয়ে আসব। আমাদের লেবার ল’ (শ্রম আইন) আছে। সেখানে শাস্তির বিধান আছে, জরিমানারও বিধান আছে।’

 

সরকারের ১৩ নির্দেশনা মেনে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে শ্রমিকদের বেতন দেয়ার কী ব্যবস্থা নেয়া হয়েছে, জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে।

 

জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা বলেছি, যেখানে এই শিল্পকারখানা খোলা থাকবে তারা যেন অন্তত এই নির্দেশনা দেন যে, সেখানে যেন তাদের (আর্থিক প্রতিষ্ঠান) লোকজন থাকে, যাতে করে আর্থিক সহায়তা পেতে শ্রমিকদের বা মালিকদের কোনো অসুবিধা না হয়।’

 

প্রতিমন্ত্রী জানান, শিল্পকারখানা ও তৈরি পোশাক শিল্প বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার বড় সহায়ক বলেই এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *