থানা থেকে আসামি ছাড়ানোর আশ্বাসে অর্থ আত্মসাৎ, প্রতারক আটক

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: থানা পুলিশের হাতে আটককৃত মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎকারী আবুল কালাম তালুকদার নামের এক প্রতারককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে শাহজাদপুর থানা পুলিশ।

 

জানা যায়, গত ৬ এপ্রিল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে পুলিশের মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ মাদকসহ ব্রজবালা গ্রামের মতিয়ার রহমান তালুকদারের ছেলে আব্দুল হান্নান হাবলু তালুকদারকে (৫০) গ্রেফতার করে থানা পুলিশের একটি দল।

 

পরে একই গ্রামের মৃত জয়নাল আবেদীন তালুকদারের ছেলে আবুল কালাম তালুকদার (৪১) মাদক বিক্রেতা আব্দুল হান্নান হাবলু তালুকদারের স্ত্রী শিল্পী খাতুনের কাছে জানায় ১৫ হাজার টাকা পেলে তার স্বামীকে থানা থেকে ছাড়িয়ে আনা যাবে। শিল্পী খাতুন ১৫ হাজার টাকা আবুল কালাম তালুকদারকে দেয়।

 

পরদিন ৭ এপ্রিল শাহজাদপুর থানায় আটককৃত মাদক ব্যবসায়ীর নামে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী হান্নানের স্ত্রী শিল্পী খাতুন টাকা দেওয়ার বিষয়টি শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রন্জু মিয়াকে জানায়। পরে এসআই রন্জু বিষয়টি থানা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পর ১০ এপ্রিল অভিযুক্ত আবুল কালাম তালুকদারকে আটক করে।

 

আটককৃত আবুল কালাম তালুকদারের নামে শাহজাদপুর থানায় এসআই রন্জু মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। রবিবার শাহজাদপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, থানা পুলিশের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদের ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃংখলা উন্নয়নে সমাজ বিরোধীদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *