মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া সিরাজগঞ্জের ৬১ শিক্ষার্থীকে সংবর্ধনা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: চলতি বছর দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে এমবিবিএস ভর্তির সুযোগ পাওয়া সিরাজগঞ্জের ৬১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

 

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেন জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মেদ।

 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনির হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী আরিফুল ইসলাম ও প্রিতী নিয়োগী বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তারা এমবিবিএস ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একাগ্রচিত্তে অধ্যয়ন করে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে। চিকিৎসক হিসেবে দেশের মানুষকে সেবার ব্রত নিয়ে নিজেদের নিয়োজিত করতে হবে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে ২১ জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে পাঁচ হাজার টাকা করে ও অন্যদের এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

 

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ বলেন, সিরাজগঞ্জে প্রথমবারের মতো একসঙ্গে ৬১ জন শিক্ষার্থী মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ সরকারি কলেজের ৩২ জন শিক্ষার্থী রয়েছেন। সদর উপজেলার সর্বোচ্চ ২৩ ও কাজিপুর উপজেলার ১২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

 

এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা দিয়েছি। করোনাকালে লকডাউনের জন্য সীমিত পরিসরে এ সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *