হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬১

নজর২৪ ডেস্ক- ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মোট ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৫ জনকে এবং নারায়ণগঞ্জে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৬ জনের মধ্যে তিনজন হেফাজতের নেতা-কর্মী। বাকি তিনজন বিএনপির।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মার্চ থেকে কয়েক দফায় তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন থানায় ৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি ৩৫ হাজার।

 

এসব মামলায় নাম উল্লেখ করে ২৮৮ জনকে এবং অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার ১৬ জনসহ এসব মামলায় মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার ৫৫ জনের মধ্যে হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মী নেই।

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাঈদ হাসান সানি ও ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরকারী আরমান আলিফ।

 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, তাণ্ডবের সময়ের ভিডিও ফুটেজ ও স্থির ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।

 

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটকের পর সেখানে তাণ্ডব চালানোর অভিযোগে সংগঠনটির তিন নেতাকর্মীকে শুক্রবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

 

এ ছাড়া ২৮ মার্চ হরতালের দিন সিদ্ধিরগঞ্জে সহিংসতার ঘটনায় বিএনপির তিন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ ওরফে সাইফ, হেফাজত কর্মী কাজি সমির ও তাবলীগ জামাতের সদস্য অহিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত সহিংসতার অভিযোগে পুলিশ ও র‌্যাবের করা মামলায় বিএনপি নেতাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *