Home আলোচিত জেলে যেতে ভয় পাই না, আমি প্রস্তুত: আল্লামা বাবুনগরী

জেলে যেতে ভয় পাই না, আমি প্রস্তুত: আল্লামা বাবুনগরী

0
123

নজর২৪, চট্রগ্রাম- গত শুক্রবার ও রোববারের পর যেসব মামলা হয়েছে, সেগুলোকে মিথ্যা দাবি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী তাদের সংগঠনের নেতা-কর্মীদের নির্দোষ দাবি করেছেন। মামলা প্রত্যাহার না হলে আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। বলেছেন, কারাগারে যেতে হলেও তিনি পিছপা হবেন না।

 

বাবুনগরী বলেন, ‘সরকার আমার নামে অনেক মামলা দিয়েছে। আরও মামলা দিতে পারে। আমি জেলে গিয়েছি। তাই আমি জেলখানায় যেতে ভয় পাই না। যে কোনো মুহূর্তে জেলখানায় যেতে আমি প্রস্তুত আছি।’

 

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসবকথা বলেন।

 

এসময়য় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বাবুনগরী বলেন, ‘আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার ঘাড়ে বসে আছেন। যারা কোনো ধর্ম মানে না, যারা নাস্তিক তারাই ইসলামের শত্রু। তারাই আপনার শত্রু।’

 

ডাকবাংলো চত্বরের সামনে সমাবেশে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী কেউ আলেম নয়। কোনো পীর আউলিয়া তাকে হত্যা করেনি। তাকে হত্যা করেছে তার আশপাশে থাকা লোকজন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব, আপনি আপনার শত্রুকে চিনে নিন।’

 

জুনায়েদ বাবুনগরী বলেন, এই দেশ মুসলিম প্রধান দেশ। এদেশের পুলিশ গুলি করে নিরীহ মুসলমান হত্যা করবে, এটি বরদাশত করা যায় না। খুনি কর্মকর্তাদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আলেম-ওলামা, মাদরাসার ছাত্র ও তৌহিদি জনতার ওপর পুলিশ গুলি চালিয়ে চরম ব্যর্থতা ও বর্বরতার পরিচয় দিয়েছে। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। খুনি মোদিকে খুশি করার জন্য যারা দেশের নিরপরাধ প্রতিবাদী নাগরিকদের হত্যা করতে দ্বিধা করে না, তারা জালিম এবং অত্যাচারী। যারা ধর্ম ও মানবতার প্রতি সম্মান প্রদর্শন করে না, তারা জনগণের কাছে সবসময় ঘৃণিত ও প্রত্যাখ্যাত।

 

বাবু নগরী বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে। পাকিস্তান এখন অতীত ইস্যু। আপনারা চিন্তা ও বুদ্ধিতে এতই পশ্চাদপদ যে, আজও পাকিস্তানি জুজু দ্বারা আক্রান্ত হয়ে আছেন। ফলে পাকিস্তানি জুজুকে অতিক্রম করে সামনে এগোতে পারছেন না। বরং পাকিস্তান জুজুকে ছদ্মভাবে আপনারা ইসলাম বিদ্বেষের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই গণবিরোধী বিবৃতি আপনাদের ইসলাম বিরোধী মুখোশ খুলে দিয়েছে।

 

‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এদেশ কখনোই পাকিস্তানের পথে যাবে না; কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হিন্দুত্ববাদী আগ্রাসী ভারতের করদরাজ্যে পরিণত করার চক্রান্ত আমরা গণপ্রতিরোধ গড়ে তুলে নস্যাৎ করে দেবো, ইনশাআল্লাহ।’

 

নিহতদের ক্ষতিপূরণ দাবি করে তিনি বলেন, পুলিশের বর্বরোচিত হামলায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যে ৩৬ জনের নামে মামলা হয়েছে তাসহ হয়রানিমূলক মিথ্যা মামলাসমূহ প্রত্যাহার করতে করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here