প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড: একদিনে শনাক্ত ৭ হাজার ছুঁইছুঁই

নজর২৪, ঢাকা- গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৩০ জন। এই ভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হওয়ার রেকর্ড এটিই। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

 

একই সময়ে দেশে করোনায় আক্রান্ত আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজার ১৫৫ জনে।

 

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কেবল সংক্রমণ নয় গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষাতেও নতুন রেকর্ড হয়েছে। এদিন সারাদেশে সরকারি-বেসরকারি ২২৬টি আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ৩০ হাজার ২৯৩টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৩৯টি। একদিনে এর আগে এত বেশি নমুনা কোনোদিন পরীক্ষা করা হয়নি।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৭৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় যে ৫০ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪০ জন পুরুষ, ১০ জন নারী। তাদের মধ্যে মাত্র একজন বাড়িতে মারা গেছেন। বাকি ৪৯ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

এই ৫০ জনের মধ্যে ৩২ জনের বয়স ষাটোর্ধ্ব, ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী চার জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী দুই জন ও ২১ থেকে ৩০ ব্ছর বয়সী একজন মারা গেছেন। এই ৫০ জনের মধ্যে ৩৬ জনই ঢাকা বিভাগের, সাত জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া খুলনা বিভাগে তিন জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে দুই জন করে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *