Home জাতীয় আমাদের মিডিয়া লাগবে না, ফেসবুক আছে: মামুনুল হক

আমাদের মিডিয়া লাগবে না, ফেসবুক আছে: মামুনুল হক

0
82

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের হরতালের দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবে হামলার প্রতিক্রিয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা হেফাজতের সংবাদ বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ধর্মভিত্তিক সংগঠনটি।

 

ঢাকায় এক সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, গণমাধ্যমকর্মীরা তাদের সংবাদ বর্জন করলে কিছু যায় আসে না। তারা সামাজিকমাধ্যমে প্রচার চালাবেন।

 

হেফাজতের রোববারের হরতালে তাদের ওপর আক্রমণের অভিযোগ এনে শুক্রবার বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

 

এ সময় হেফাজতের সংবাদ বর্জনে ব্রাহ্মণবাড়িয়ার গণমাধ্যমকর্মীদের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মামুনুল। তার দাবি, গণমাধ্যম ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

 

মাওলানা মামুনুল হক বলেন, ‘শতবর্ষী জামিয়া ইউনুছিয়ায় যারা হামলা করলো, ওদের ব্যাপারে রিপোর্ট করতে পারেন না। যারা আমার মায়ের বুক খালি করলো, আমার ভাইকে খুন করলো, তাদের মুখোশ উন্মোচন করতে পারেন না। আপনারা পারেন, হেফাজতে ইসলামের কল্পিত তাণ্ডবের কাহিনি রচনা করতে।’

 

এ সময় মামুনুল হক বলেন, ‘২০১৩ সাল থেকেতো চেষ্টা করেছেন, হেফাজতে ইসলামকে মাইনাস করতে। আপনাদের কাছে টেলিভিশনের পর্দা আছে, আমাদের কাছে সাড়ে ৩ লাখ মসজিদের মেম্বার আছে। আপনাদের কাছে যদি জাতীয় পত্রপত্রিকা থেকে থাকে, আমাদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে। জনগণকে আগের দিনের মতো বোকা ভাববেন না। মিডিয়াকে বলবো, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন।

 

মিডিয়াকর্মীদের একটা কথা বলবো— মিডিয়া অনেক শক্তিশালী আমরা মানলাম। মিডিয়া শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনারা যতই প্রভাবশালী হন, যতই শক্তিমান হন, পরিবেশ পরিস্থিতি যতই নিয়ন্ত্রণ করেন, মনে রাখবেন আল্লাহ’র চেয়ে আপনাদের শক্তি বেশি নয়। ইসলামের বিপক্ষে আপনারা অবস্থান গ্রহণ করছেন।’

 

হেফাজতের এই নেতা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কেউ ভুলক্রমে আবেগের বশে, না বুঝে প্রেস ক্লাবে কিংবা সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করে থাকতে পারে। কেন্দ্রীয়ভাবে আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি। আমাদের কথা আপনাদের ভালো লাগলো না। আপনারা হেফাজতে ইসলামকে বয়কট করার সিদ্ধান্ত নিলেন। মনে রাখবেন, যদি ইসলামকে বয়কট করেন, তো জনগণ মিডিয়াকে বয়কট করবে।’

 

হেফাজতের নায়েবে আমির আব্দুর রব ইউসুফী বলেন, ‘সাংবাদিক ভাইদের উদ্দেশে বলতে চাই, আপনারা মিডিয়া হন কিন্তু মিডিয়া লীগ হবেন না। আমরা জানি, আপনারা কারা কী রিপোর্ট করেন। কারা কী ছবি বিদেশে পাচার করেন। সেই তথ্য আমাদের কাছে আছে। এগুলো আমরা সংরক্ষণ করব। তবে অনেক ভালো ও নিরপেক্ষ সাংবাদিক মিডিয়া আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here