নজর২৪, গাজীপুর- গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হেফাজতে ইসলামের সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় পুলিশ ও হেফাজতের কর্মী, সমর্থকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন সমর্থকেরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
হেফাজতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধঘণ্টা পর কর্মী–সমর্থকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এতে পুলিশসহ অন্তত ২০ হেফাজত কর্মী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জিএমপি’র বাসন থানার ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে তারা পাল্টা জবাব দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
