কক্সবাজারে জমি নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের হাতে ভাই খুন

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে ভাই-বোনদের মধ্যে জমি বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। তিনি কক্সবাজার শহরের চৌধুরী পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩০)।

 

সোমবার (২৯ মার্চ) কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

 

তবে এ ঘটনায় হামলাকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান শহর পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ।

 

স্থানীয়দের বরাতে পরিদর্শক আনোয়ার বলেন, কক্সবাজার শহরের চৌধুরী পাড়ায় পিতার মালিকানাধীন জমির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে আব্দুর রহিমের সঙ্গে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

এ নিয়ে সোমবার বিকালে তার উপর ছোট ভাই মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইব্রাহিম ও ইব্রাহিমের স্ত্রী মুন্নীসহ আরো কয়েকজন মিলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুর রহিম আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

 

এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করে। তার পিটে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া পাওয়া গেছে।

 

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শহর পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ। আনোয়ার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *