আল্লাহ জালেমদের উপযুক্ত বিচার করুন: আল্লামা বাবুনগরী

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘মোদির আগমনের প্রতিবাদ করায় নিরীহ ছাত্র ও তৌহিদী জনতার ওপর গুলিবর্ষণ করে পুলিশ আমাদের হেফাজত নেতাকর্মীদের নিহত ও আহত করেছে। পুলিশের এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।’

 

তিনি বলেন, বিনা উস্কানিতে গুলি করে যারা মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতার রক্ত ঝরিয়েছে নিঃসন্দেহে তারা জালেম। আল্লাহ তায়ালা জালেমদের উপযুক্ত বিচার করবেন।

 

হেফাজত ঘোষিত সোমবার (২৯ মার্চ) দোয়া দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি এদিন বাদ আছর হাটহাজারী মাদরাসার কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

গত ২৬ মার্চ শুক্রবার হাটহাজারী, ব্রাহ্মণবাড়ীয়াসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে হতাহত মাদরাসাছাত্র ও হেফাজত নেতাকর্মীদের জন্য এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হেফাজতের রোববারের হরতাল পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিল ঘোষণা করা হয়।

 

এ সময় আগামী শুক্রবার সারাদেশে হেফাজতের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, মাওলানা এমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম, হাফেজ আব্দুল মাবুদ ও মাওলানা আসাদুল্লাহ আসাদ প্রমুখ।

 

পরে দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *