Home আলোচিত পুলিশভ্যানে বসে ফেসবুক লাইভে যা বললেন ‘শিশুবক্তা’ রফিকুল

পুলিশভ্যানে বসে ফেসবুক লাইভে যা বললেন ‘শিশুবক্তা’ রফিকুল

0
61

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভকালে আটক হয়েছেন ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানি।

 

ভিপি নুরের নেতৃত্বাধীন ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ থেকে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মাওলানা রফিকুল ইসলাম ওরফে শিশুবক্তাসহ ১১ জনকে আটক করে পুলিশ।

 

এরপর আটকদের পুলিশভ্যানে নিয়ে যাওয়া হয়। এসময় রফিকুল ইসলাম পুলিশভ্যানের ভেতর থেকে ফেসবুক লাইভে বলেছেন তিনি ‘দেশ বিরোধী না, মোদী বিরোধী। ‘

 

লাইভে রফিকুল ইসলাম বলেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী আপনারা দেখছেন পুলিশ আমাদের ধরে পুলিশভ্যানে নিয়ে আসছে। এ আমাদের আরও কিছু ভাই, (আটক কয়জনকে দেখান) আমরা আসলে দেশের বিরুদ্ধে না। ইসলামের বিরুদ্ধে না। আমাদের পুলিশ ভাইয়েরা আহত করেছে। আমি বলবো আমাকে আঘাত করা বা দেশকে আঘাত করা একই কথা। আমরা দেশবিরোধী না, ইসলাম বিরোধী না। আমরা মোদীর বিরুদ্ধে।

 

জানা গেছে, রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশুবক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি।

 

নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন বলেও জানা যায়।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। তখন ছাত্র অধিকারের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ডাব, ইট ছুড়তে থাকে। পুলিশও টিয়ারশেল ছোড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এছাড়া সংঘর্ষে ছাত্র ও যুব অধিকার পরিষদের ১৫-২০ জন আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here