নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ও বাম ছাত্র সংগঠনগুলোর ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ছাত্র অধিকার পরিষদ। বিকাল ৪টা থেকে এই কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে এক অনলাইন নিউজ পোর্টালে লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর।
নুর বলেন, নিজ দেশে নরেন্দ্র মোদি ‘কসাই’ নামে পরিচিত। ভারতে মুসলিম দাঙ্গার উস্কানিদাতাকে এই দেশে নিয়ে আসার প্রতিবাদ শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদ করছে। আমরা ভারতের এই ‘কসাই’ মোদির আগমন ও বামজোটের ওপর হামলার প্রতিবাদে কাল বিক্ষোভ করব।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল বের করে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। এই মিছিলে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ হামলা হয়। এতে বামজোটের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
