নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
তিনি বলেছেন, ছাত্রলীগের বিরুদ্ধে চলা অব্যাহত মিথ্যাচারের আরেকটি নমুনা আজকের এই হামলার অভিযোগ। ছাত্রলীগের সঙ্গে হামলার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে এক অনলাইন গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
লেখক ভট্টাচার্য বলেন, টিএসসিতে প্রগতিশীলতার নামে কিছু বহিরাগতরা অভ্যন্তরীণ কোন্দলে মারামারিতে লিপ্ত হয়েছিল। তারা ইট আর ডাব চালাচালি করেছে। ছাত্রলীগের অনেক কর্মী, যারা আমাদের পূর্বঘোষিত কর্মসূচী পালন করতে এসেছিলো, তাদের উপর ইট পাটকেল ছুড়েছে, তাতে কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং টিএসসিতে বেড়াতে আসা সাধারণ জনগণ আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে প্রগতিশীলতার নামে যারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, জামায়াতের পেইড এজেন্ট সেইসব মাদকাসক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আইনী পদক্ষেপ গ্রহণ করবো।
এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধীতা করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনায় ছাত্র জোটের কর্মী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
