হাইকোর্টে আগাম জামিন পেলেন সোহেল-টুকুসহ ৬ নেতা

নজর২৪, ঢাকা- জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ৬ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

বুধবার (০৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

 

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে।

 

জামিন পাওয়া অন্য নেতারা হলেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার।

 

গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সোহেলসহ বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ৪৭ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশ হত্যাচেষ্টা ও হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।

 

শাহবাগ থানার উপ-পরিদর্শক পলাশ শাহ বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরো ২০০-২৫০ জনকে আসামি করা হয়। সোমবার এই মামলায় গ্রেপ্তার ছাত্রদলের ১৩ নেতাকর্মীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *