কার্টুনিস্ট কিশোরকে অবশেষে জামিন দিল হাইকোর্ট

নজর২৪ ডেস্ক- ডিজিটাল নিরাপত্তা আইনে প্রায় এক বছর আগে আটক হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে অবশেষে জামিন দিয়েছে ঢাকার হাইকোর্ট।

 

বুধবার (৩ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

 

তার বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো ছাড়াও জাতির জনকের প্রতিকৃতি, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ আনা হয়েছিলো।

 

কার্টুনিস্ট কিশোরের ভাই আহসান কবির জানিয়েছেন যে, উচ্চ আদালত কার্টুনিস্ট কিশোরকে ছয় মাসের জামিন দিয়েছেন।

 

এর আগে কার্টুনিস্ট কিশোর ও একই মামলার আসামি মুশতাক আহমেদের ছয়বার জামিন আবেদন নাকচ হয়েছিলো আদালতে। মুশতাক আহমেদ কারাগারে থাকাকালে গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *