রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: নোয়াখালির কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এদিন সকাল ১১টায় শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, এমএ জাফর লিটন, মুমীদুজ্জামান জাহান, আল-আমিন হোসেন, সাগর বসাক, রাসেল সরকার, এম এ হান্নান, মির্জা হুমায়ুন, মাহফুজুর রহমান মিলন প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার ৮ দিন পরও খুনিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লখ্য, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ গুরুতর আহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় মুজাক্কিরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
