সচিবালয় গেটে ভিপি নুরের সমাবেশ, সরকারকে আল্টিমেটাম

নজর২৪, ঢাকা- পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি থাকলেও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

 

মানববন্ধনের শেষ পর্যায়ে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি নুরুল হক নুর শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেন।

 

পরে সেদিকে (শিক্ষা মন্ত্রণালয়) মিছিল নিয়ে যান তিনি এবং সচিবালয়ের দুই নম্বর গেটের পাশে ১৫ মিনিট সমাবেশ করেন। এ সময় সচিবালয়ের দুই নম্বর গেটের যান চলাচল এবং দর্শনার্থী প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাব থেকে পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেন নুর। সে সময় মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা কয়েকদফায় অনুরোধ জানিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এতে কাজ হয়নি। মিছিলটি সচিবালয়ের দুই নম্বর গেটের পাশে অবস্থান নেয় এবং সেখানে অন্তত ১৫ মিনিট সমাবেশ করে। এ সময় সচিবালয়ের দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশেই দাঁড়িয়ে ছিলেন।

 

সমাবেশে নুর বলেন, আজকে আমরা শান্তিপূর্ণভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে সচিবালয়ে এসেছি। আপনাদের (শিক্ষামন্ত্রীর) কানে ছাত্র সমাজের দাবি পৌঁছে দিতে। কারণ আমরা জানি, আপনারা এসি রুমের মধ্যে থেকে ছাত্র সমাজের বাস্তবতা উপলব্ধি করতে পারেন না। সেজন্য আপনাদের দরজায় এসে কানের দ্বারপ্রান্তে আমাদের দাবিগুলো শুনিয়ে দিয়ে যাচ্ছি।

 

নুর বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছি। সরকারের প্রতি আহবান জানাচ্ছি যে তারা যেন আগামী ১ মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়। না হলে আমরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেব।

 

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো শেষ করতে হবে। এছাড়া আগামী মার্চে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অসমাপ্ত পরীক্ষা নেয়ার কথা ছিল সেগুলোও যথাসময়ে নিতে হবে। তা না হলে সারা দেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *