নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- মঙ্গলবার নাগরপুর সদর হাসপাতাল রোডের ফার্মেসিগুলোতে “ঔষধ আইন, ১৯৪০” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন ফার্মেসিতে ফিজিশিয়ান’স স্যাম্পল, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ পাওয়া যায়। এছাড়াও কিছু ফার্মেসির লাইসেন্স যথাযথ নয়।
এ সমস্ত অপরাধ তাৎক্ষণিক আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ১১ জন দোকানীকে ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ ধারা লংঘন এর অপরাধে ২৭ ধারা মোতাবেক ১৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ জব্দ করে বিনষ্ট করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ নার্গীস আক্তার, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন নাগরপুর থানার এস.আই ইমরান হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারঃ) মোঃ জাইদুর রহমান এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল নাগরপুর থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।
