নজর২৪, ঢাকা- দেশের প্রথিতযশা গবেষক, সাংবাদিক, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁকে মৃত ঘোষণা করে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মাকসুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সৈয়দ নাসিফ মাকসুদ বলেন, তাঁর বাবা বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। ওই অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি আগেই মারা গেছেন।
সৈয়দ আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩শে অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম।
সৈয়দ আবুল মকসুদের কর্মজীবন শুরু হয় ১৯৬৪ সালে এম আনিসুজ্জামান সম্পাদিত সাপ্তাহিক নবযুগ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে। পরে সাপ্তাহিক ‘জনতা’য় কাজ করেন কিছুদিন। ১৯৭১ সালে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন।
সৈয়দ আবুল মকসুদ সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যিক হিসেবেও খ্যাতিমান ছিলেন। ১৯৮১ সালে তার কবিতার বই বিকেলবেলা প্রকাশিত হয়। মানবাধিকার, পরিবেশ, সমাজসহ নানা বিষয়ে তিনি কবিতা, প্রবন্ধ নিবন্ধ লিখেছেন।
বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
