আন্দোলন দেখতে হলে সরকারি বাসা ছাড়েন, কাদেরকে আলাল

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, `ওবায়দুল কাদের ব্যঙ্গ করে বলেছেন, ‘১২ বছর হয়ে গেল আন্দোলন কবে হবে।’

 

ওবায়দুল কাদের সাহেব আন্দোলন তো আপনাদের ঘরে শুরু হয়েছে টের পাচ্ছেন না? আপনার ভাই কাদের মির্জাই তো আন্দোলন। আপনার আত্মীয় নিক্সন চৌধুরী তো আন্দোলন। আপনার শামীম ওসমানই তো আন্দোলন। আপনার যে এসপি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মারে, পিটায় সেটাই তো আন্দোলন।

 

আপনাদের যে এমপি স্বাস্থ্য সচিবকে মেরে পুকুরে ফেলে দেয় ওটাইতো আন্দোলন। আর কত আন্দোলন দেখতে চান? আন্দোলন দেখতে হলে সরকারি বাসা ছাড়েন। পুলিশ ব্যারিকেড ছেড়ে রাস্তায় বের হন। দেখেন জনগণ কি আন্দোলন দেখাতে পারে।’

 

মঙ্গলবার দুপুরে বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেলো, কিন্তু আন্দোলন হবে কোন বছর?’

 

এদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় আলাল এ কথা বলেন।

 

এসময় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সরকার এখন টিকা নিয়ে রাজনীতি শুরু করেছেন। দেশের সকল জনগণ করোনামুক্ত হোক এটা আমরা চাই। কিন্তু আপনাদের তো সব জায়গায় দুই নম্বরি। মহিলা দলের এক বোন, তার নাম সাদিয়া বিলকিস খান। জাতীয় পরিচয়পত্র বানানোর জন্য তিনি নাম জমা দেন। এই ভুয়া নির্বাচন কমিশন থেকে তার নাম আসলো সাদিয়া বিস্কুট খান। এইতো দেশের অবস্থা। দেশটাকে তো আজ সেই জায়গায় নিয়ে গেছেন।’

 

তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী টিকা নিয়েছেন, ভালো কথা। টিকা নিতে তো কেউ নিষেধ করে নাই। স্বাস্থ্যমন্ত্রীর টিকা নেয়ার সময় দেখলাম যত চামচা-দালাল দাঁড়িয়ে আছে। কোরবানির গরু জবাই করতেও এত মানুষ লাগে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *