মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবিতে ময়মনসিংহ-সখিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বাঁশতৈল ইউনিয়নের সর্বস্তরের জনগণ ২ ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ১১টার দিকে বাঁশতৈল এলাকার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সদস্য সুনীল সারথী বর্মণ, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লাভলুর রহমানসহ অন্যরা। এসময় বাঁশতৈল ইউনিয়নের কয়েক হাজার জনগণ অংশ নেয়।
এলাকাবাসী জানায়, বাঁশতৈল ইউনিয়নের প্রায় ৭ হাজার একর জমি উচ্ছেদের জন্য ইতিমধ্যে নোটিশ দিয়েছে স্থানীয় বন বিভাগ। কিন্তু পৈত্রিক সম্পত্তি থাকা স্বত্তেও এমন উচ্ছেদের ব্যাপারে প্রতিনিয়তই এখন হতাশায় দিন পার করছেন ওই ইউনিয়নের এলাকাবাসী। মানববন্ধনে অংশ নিয়ে তারা তাদের বাড়িঘর রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন।
