রংপুরে প্রতিবন্ধিকে হত্যার দায়ে স্ত্রী সহ পুলিশ সদস্য গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর নগরীর পার্কের মোড় কোর্ট পাড়া এলাকায় এক প্রতিবন্ধী অটো চালককে মিথ্যা চুরির অভিযোগ এনে অমানুষিক নির্যাতন করে হত্যা প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে । এ সময় বেশ কয়েকটি অটো সহ যানবাহন ভাংচুর করা হয়েছে। নির্যাতনকারী পুলিশ কনষ্টবল ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ ও এলাকাবাসি জানায়, রংপুর নগরীর পার্কের মোড় কোর্টপাড়া এলাকায় বসবাসকারী রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনষ্টবল হাসান আলীর একটি অটো ভাড়া নিয়ে চালাতো প্রতিবন্ধি নাজমুল ইসলাম।

 

দুদিন আগে অটো চুরি হলে এ ঘটনায় পুলিশ কনষ্টবল হাসান প্রতিবন্ধি নাজমুলকে তার বাসায় ধরে এনে তার স্ত্রী সাথি বেগম সহ তাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতনে নাজমুল মারা গেলে পুলিশ কনষ্টবল হাসান ও তার স্ত্রী সাথি বেগম নিহত প্রতিবন্ধি নাজমুলের লাশ গলায় ফাঁস লাগিয়ে ঘরের সিলিং এর সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে প্রচার করে।

 

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি নামালে এলাকাবাসি দেখতে পায় নিহতের সব গুলো নখ থেতলানো, শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন। নিহত প্রতিবন্ধী নাজমুলকে নির্যাতন করে হত্যার অভিযোগে এলাকাবাসি হত্যাকারী পুলিশ কনষ্টবল হাসান ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ করে।

 

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের উর্ধতন কর্মকর্তারা সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ জনতার দাবির মুখে পুলিশ কনষ্টবল হাসান আলী ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করে।

 

এদিকে এ ঘটনা জানাজানি হলে শত শত জনতা নগরীর পার্কের মোড় এলাকায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বেশ কয়েকটি অটো সহ যানবাহন ভাংচুর করা হয়।

 

এসময় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে, এ নিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ লাঠি চার্জ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

 

দু ঘন্টা পর সন্ধা ৬ টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। পরে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

 

উপ সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানান, প্রতিবন্ধি অটো চালককে নির্যাতন করে হত্যা করার অভিযোগে পুলিশ সদস্য হাসান ও তার স্ত্রী সাথি বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে নির্যাতনে ব্যাবহৃত হাতুড়ি ও একটি প্লাস।

 

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান জানান, এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *