নিজস্ব প্রতিবেদক, ঢাকা- রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইওয়ান এরদোয়ান। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের ব্যথ্যা বুঝি।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে ঢাকায় তুরস্ক দূতাবাসের নতুন ভবন যৌথভাবে উদ্বোধন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
রাজধানীর বারিধারার মাদানি অ্যাভিনিউয়ে তুরস্ক দূতাবাসের এই নতুন ভবন উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তাইওয়ান এরদোয়ান বলেন, ‘আমাদের সম্পর্ক অনেক পুরনো। সামনের দিনে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে, যাতে আমরা পরস্পরের উন্নয়নে কাজে লাগতে পারি। বাংলাদেশ বাস্তুচ্যূত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদার মানবিকতার পরিচয় দিয়েছে। তুরস্কও ৪ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে, তাই আমরা বাংলাদেশের ব্যথ্যা বুঝি। এই সংকট সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে।’
এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুসলো বলেন, ‘আমাদের দুই দেশর মধ্যে ভাতৃত্বমূলক সম্পর্ক বিরাজ করছে, সামনের দিনে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্দান্ত নেতৃত্বে বাংলাদেশ খুব ভালো করছে। আমাদের সম্পর্ক আরও এগিয়ে নিতে তুরস্কের রাষ্ট্রপতি আগামী বছর বাংলাদেশ সফরে আসবেন। আজকে যে ভবনটা উদ্বোধন করলাম, এটা শুধু তুরস্কের জন্যই না, এটা বাংলাদেশের জনগণের জন্যও আতিথেয়তা দেবে।’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু মঙ্গলবার রাতে দু’দিনের সফরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বুধবার বেলা সাড়ে ১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।
তার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বুধবার রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।
