নতুন রাজনৈতিক দল গঠন করছেন ভিপি নুর

নজর২৪, ঢাকা- নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। এই দলের নাম রেখেছেন ‘গণঅধিকার পরিষদ’।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছেন তিনি নিজেই।

 

নুরুল হক নুর বলেন, ‘আজ দেশে তারুণ্যের গণআন্দোলন শুরু হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এই অত্যাচার, নি’র্যাত’নের মধ্যেও আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।’

 

তিনি আরও বলেন, ‘আপনারা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারাদেশে গণতন্ত্রকামী, মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হন। মানুষের অধিকার আদায়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আজ আমাদের এই লড়াই সংগ্রাম। সেই সংগ্রামে আপনাদের শামিল হওয়ার আহ্বান জানাই।’

 

উল্লেখ্য, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভিপি পদে জয়ী হন নুরুল হক নূর।

 

এর আগে কোটা সংস্কার আন্দোলন করে দেশজুড়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অবশ্য ভিপি হওয়ার আগে ও পরে একাধিকবার হামলার শিকার হন নূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *