“হেফাজতে ইসলাম জাগলে ষড়যন্ত্রকারীরা পালানোর জায়গা পাবে না”

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের শীর্ষ ২৮ উলামা-মাশায়েখ।

 

রোববার (২০ ডিসেম্বর) হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, হেফাজত জেগে উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর জায়গা পাবে না।

 

বিবৃতিতে উলামারা বলেন, আল্লামা শফীর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে বড় ছেলে এবং হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার শিক্ষকরা মিডিয়ার মাধ্যমে দেশবাসীর সামনে সাক্ষ্য দিয়েছেন।

 

অথচ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য এবং অদৃশ্য শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি মহল দেশের শীর্ষ ও জননন্দিত আলেম-উলামার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ শীর্ষ মুরব্বীদের শানে বেয়াদবিমূলক বক্তব্য ও আচরণ করে যাচ্ছে।

 

বিবৃতিতে স্বাক্ষকারী আলেমগন এ মামলা দায়েরর ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী এই চিহ্নিত দালাল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।

 

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী, আল্লামা শায়েখ আহমদ (হাটহাজারী), আল্লামা নূরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা মুহাম্মদ ইসহাক, আল্লামা আবুল কালাম, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা নোমান ফয়জী (মেখল), আল্লামা নূরুল ইসলাম আদীব, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা হাফেজ নাজমুল হাসান, মুফতি হাবীবুর রহমান (নাজিরহাট), মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আরশাদ রহমানী, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা এডভোকেট আবদুর রাকীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ মোমেনশাহী, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা ইসমাঈল নূরপুরী, মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী প্রমুখ।

 

আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগ এনে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর আদালতে মামলা করা হয়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আদালতের বিচারক শিবলু কুমার দে ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

 

মামলার বাদী আল্লামা শফীর শ্যালক মঈন উদ্দিন জানান, মামলায় তিনটি ঘটনা উল্লেখ করা হয়েছে। তবে এসব ঘটনা হেফাজতের বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্ধনে হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *