Home জাতীয় ‘স্বপ্নের পদ্মা সেতু’ নির্মাণের খরচ নিয়ে প্রশ্ন তুললেন মান্না

‘স্বপ্নের পদ্মা সেতু’ নির্মাণের খরচ নিয়ে প্রশ্ন তুললেন মান্না

0
171

নজর২৪ ডেস্ক- পদ্মা সেতু নির্মাণের প্রশংসা করলেও এ সেতু নির্মাণের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, যতই গালি দেন, শেখ হাসিনা পদত্যাগ করবেন না। আমি এজন্য ঠিক করেছি, তার একটা প্রশংসা করি। এটা কোনো দালালি করছি না। সত্যি সত্যি আমি মনে করি, পদ্মা সেতু একটা ভালো কাজ হয়েছে। এটা একটা স্বপ্নের সেতু তো বটেই, অন্তত দক্ষিণাঞ্চলের জন্য। কিন্তু এই সেতুর নির্মাণ নিয়ে কথা আছে।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব রক্ষা পরিষদের প্রথম প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের পাশে আসাম এবং অরুণাচল, এই দুইটি রাজ্যের মাঝামাঝি একটা ব্রিজ করা হয়েছে।এটার নাম ভুপেন হাজারিকা সেতু, ৯ দশমিক ১৫ কিলোমিটার লম্বা। পদ্মাসেতু হচ্ছে ৬ দশমিক ২৫ কিলোমিটার। ৯ দশমিক ১৫ কিলোমিটার লম্বা সেতু নির্মাণ করতে লেগেছে ১১২৮ কোটি টাকা। আর আমাদের সোয়া ৬ কিলোমিটার ব্রিজ এখনও শেষ হয়নি। এটার শুরুতে প্রাক্কলন ধরা হয়েছিল ১০ হাজার কোটি টাকার মতো।

 

তিনি বলেন, এখনও পর্যন্ত ঠিক কত হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, একদম আপডেটেড হিসাব করা হয়নি। সবাই মনে করছেন, সর্বশেষ যেটা বলা হয়েছিল ৩০ হাজার কোটি টাকা, তার সঙ্গে আরও ১০-২০ হাজার কোটি টাকা যুক্ত হয়েছে। কমপ্লিট করতে আরও হয়তো ২০ হাজার কোটি টাকা লাগবে। তার মানে ৬০-৭০ হাজার কোটি টাকা লাগবে এই সোয়া ৬ কিলোমিটার লম্বা সেতু বানাবার জন্য। ওরা যদি সোয়া ৯ কিলোমিটার দীর্ঘ সেতু ১১২৮ কোটি টাকা দিয়ে করতে পারে, এখানে এত টাকা লাগবে কেনো?

 

মান্না বলেন, আমরা কাউকে কেয়ার করি না, নিজেদের টাকায় করেছি। কেন আপনারা তো চীন থেকে লোন নিয়েছেন। ওই টাকার মধ্যে চীনা কোম্পানি নাই? তারা করেছে না? তারা সুদ নিচ্ছে না। সুদের হার কত? মিনিমাম ৪%। আর বিশ্ব ব্যাংক যে টাকা দিতো, সেই টাকার সুদের হার ছিল পয়েন্ট টু-ফাইভ পারসেন্ট থেকে পয়েন্ট ফাইভ জিরো। নেননি কেন সেই টাকা?

 

তিনি বলেন, এই দেশের কত টাকা বছরে লুট হয়, তার কোনও হিসাব আছে? একটা হিসাব সরকারি ব্যাংকগুলো দিয়েছে। ব্যক্তি মালিকানার যেসব ব্যাংক দিয়েছে, তারা বলেছে যে, প্রত্যেক বছর অন্তত ৭০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। আর হুন্ডির মাধ্যমে যায় সোয়া লাখ কোটি টাকা। সোয়া লাখ কোটি টাকা বাদ দেন, ৭০ হাজার কোটি টাকা যে প্রতি বছর পাচার হয়ে যায়, ওই টাকা হলে প্রত্যেক বছর একটা করে পদ্মা সেতু বানাতে পারি। এত গল্প কেন? একটা স্প্যান বসান আর হুলুস্থুল লাগিয়ে দেন। অথচ প্রত্যেক বছর একটা করে পদ্মা সেতু পাচার হয়ে যাচ্ছে, সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here