Home ফিচার ‘ভালোবেসে’ এমপিকে সোনার ট্রাক উপহার দিলেন কর্মী

‘ভালোবেসে’ এমপিকে সোনার ট্রাক উপহার দিলেন কর্মী

0
4

কুষ্টিয়া-১ আসনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী একটি সোনার ট্রাকের ব্যাজ উপহার হিসেবে পেয়েছেন। মো. জনি নামে এক কর্মী রোববার (২১ জানুয়ারি) দৌলতপুরে তাঁর বাসায় গিয়ে সোনার ট্রাক ব্যাজটি এমপির গায়ে থাকা সোয়েটারে গেঁথে দেন। আর এ ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্য এক সমর্থক।

মো. আকরাম হোসেন নামে ট্রাক প্রতীকের ওই সমর্থকের ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে দেখা যায়, মো. জনি নামে এক কর্মী সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বাসায় গিয়ে সোনার ট্রাক ব্যাজটি তাঁর গায়ে থাকা সোয়েটারে গেঁথে দেন।

জানা গেছে, রোববার দৌলতপুরে এমপি রেজাউল হক চৌধুরীর বাসায় বেশ ঘটা করে সোনার ট্রাকের ব্যাজ নিয়ে উপস্থিত হন হোগলবাড়িয়া ইউনিয়নের কর্মী জনি আলী। এ সময় তাঁর সঙ্গে ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মী ছিলেন।

এ বিষয়ে জনির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো স্বার্থ হাসিল বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধু ভালোবেসে ব্যক্তিগতভাবে সোনার ট্রাকটি তৈরি করে দিয়েছি।’

তবে এটি কুষ্টিয়া জেলার বাইরে থেকে ২১ ক্যারেটের সোনা দিয়ে বানানো। তবে কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে কিংবা কোথা থেকে বানানো সে বিষয়ে তথ্য দিতে রাজি হননি জনি।

জনি বলেন, ‘খেলায় জিতে অনেকে আনন্দ উপভোগ করেন। আমার এ সোনার ট্রাক দেওয়া তেমনই আনন্দের।’

রেজাউল হক চৌধুরী সোনার ট্রাক উপহার নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বাসায় অসংখ্য লোক ফুল, ডায়েরি ও অন্যান্য উপহার নিয়ে এসেছেন। তার মধ্যে ট্রাকটি ছিল। এটি সোনার কি না পরে বুঝতে পেরেছি। তবে যে ছেলেটি দিয়েছে তাকে আমি চিনিও না, জানিও না।’

এর আগে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে রেজাউল হক চৌধুরী সোনার নৌকা উপহার নিয়ে সমালোচিত হয়েছিলেন সে সময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here