ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। একদিন আগেই তিনি জানিয়েছিল, ‘আগামীকাল দারুণ কিছু হবে’। তার সেই পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন, হয়ত নতুন কোনো সিনেমা নিয়ে আসছেন পরীমণি। কিন্তু সে ধারণা ভুল। সিনেমা নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরীমণি।
রোববার (৩ ডিসেম্বর) ঢাকায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে পরীমণির সঙ্গে ব্র্যান্ডের পক্ষে চুক্তি সই করেন সানবিটের ব্র্যান্ড হেড খন্দকার মো. মোমিনুল হক এবং হারল্যান স্টোরের হেড অফ সেলস আব্দুল আলীম শিমুল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে পরীমণি বলেন, বাংলাদেশ ও বিশ্ববাজারকে টার্গেট করে তৈরি রিমার্কের পণ্যগুলো আন্তর্জাতিক মান নিশ্চিত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই এ পণ্যগুলো ভোক্তাদের মন জয় করে নেবে। শুধুমাত্র দেশীয় বাজারই নয় আন্তর্জাতিক বাজারের উপযোগী পণ্য রিমার্ক প্রথমবারের মতো বাংলাদেশেই উৎপাদন করছে, যা বিশ্ববাজার থেকে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি ভেজালমুক্ত ও নকলমুক্ত পণ্য ভোক্তাদের কাছে সহজলভ্য হবে। কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ নেওয়ার জন্য রিমার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
চুক্তি সই অনুষ্ঠানে সানবিটের ব্র্যান্ড হেড খন্দকার মোমিনুল হক বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পারসোনাল কেয়ারের পণ্য। এরইমধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক ইন্ডাস্ট্রি। ফলে বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় উন্নতমানের এসব পণ্য উৎপাদনের আন্তর্জাতিক হাব।
এর আগে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সানবিট ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। এই দুইজন শিল্পীকে খুব শিগগির একসঙ্গে দেখা যাবে সানবিটের নতুন বিজ্ঞাপনে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং নুসরাত ফারিয়াও যুক্ত হয়েছেন হারল্যান ব্র্যান্ড এবং ব্লেইজ ও স্কিনের সঙ্গে। হারল্যান স্টোরের সঙ্গে আরও রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
